মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল

0
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে তার সঙ্গে ইসলামাবাদে পৌঁছেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত রাতেই পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্র এই ঐতিহাসিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দীর্ঘদিনের বৈরিতা নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, কুশনার এর আগেও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বারংবার মধ্যস্থতা করেছেন।

ইরানি প্রতিনিধিদলে স্পিকার গালিবাফ ছাড়াও রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। এই ত্রিপক্ষীয় তৎপরতাকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।