একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, গাজীপুরে কৃষক পরিবারে আনন্দের জোয়ার

0
গাজীপুরে কৃষক পরিবারে খুশির বার্তা: তিন ছেলে ও দুই মেয়ের বাবা হলেন কাজল মিয়া।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। বর্তমানে মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছেন। গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুদের জন্ম হয়।

প্রসূতি মাসুমা আক্তার দীঘাবর গ্রামের কৃষক কাজল মিয়ার স্ত্রী। কাজল-মাসুমা দম্পতির ৯ বছর বয়সী আরও একটি মেয়ে সন্তান রয়েছে। সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নবজাতকদের গত বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কাপাসিয়ার রায়েদ এলাকার মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়েছিল। পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় শিশুদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক রুহুল আমিন জানান, আইসোলেশনে থাকাকালে নবজাতকদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। শুরুতে একজনের অবস্থা কিছুটা জটিল থাকলেও বর্তমানে সবাই সুস্থ।

একসঙ্গে পাঁচ সন্তানের বাবা হয়ে উচ্ছ্বসিত কাজল মিয়া জানান, কৃষিকাজ করে স্বল্প আয়ে এখন ছয় সন্তানকে সুশিক্ষায় বড় করে তোলাই তাঁর লক্ষ্য। তিনি সন্তানদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। এখনো সন্তানদের নাম রাখা না হলেও দ্রুতই নাম রাখা হবে বলে জানান তিনি। মডিউল কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপক নারায়ণ সাহা জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের ঘটনা ওই এলাকায় প্রথম, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।