জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের

0
ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়াসহ প্রভাবশালী মুসলিম দেশগুলো। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির (ইসলামি সহযোগিতা সংস্থা) জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এই আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করা হয়েছে। বৈঠকে ওআইসি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি আস্থা প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে শাহবাজ শরিফের বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানান। অন্যদিকে, সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি সৌদি ‘ভিশন ২০৩০’-এর আওতায় বাংলাদেশে বিনিয়োগ ও অংশীদারিত্বের ব্যাপক সুযোগের কথা উল্লেখ করেন। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে গাম্বিয়া ও ফিলিস্তিনি নেতৃবৃন্দ আফ্রিকান ও আরব দেশগুলোর সমর্থন আদায়েরও প্রতিশ্রুতি দিয়েছেন।