নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

0
নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক নাহিদ সরদার ট্রাকচাপায় নিহত। আহত বন্ধুকে ঢাকা মেডিকেলে স্থানান্তর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে তানভীর ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (২৮) নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এই ঘটনায় নাহিদের মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু জিহাদুল মোল্যা (২৫) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিং স্টেশনের কর্মীদের অভিযোগ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জানা গেছে, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। তেল দেওয়া নিয়ে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে তাঁর তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাকচালক নাহিদকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। কাজ শেষে রাত ২টা ১০ মিনিটে নাহিদ ও তাঁর বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ওত পেতে থাকা ট্রাকটি দ্রুতগতিতে তাঁদের পেছনে ধাওয়া করে। পাম্প থেকে কিছুটা দূরে মহাসড়কের ওপর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।