‘নরকে স্বাগতম’: ইরানে মার্কিন স্থল অভিযান শুরু হলে সেনারা ফিরবে কফিনে; তেহরানের চরম হুঁশিয়ারি

0
তেহরান টাইমসের প্রথম পাতায় ‘নরকে স্বাগতম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সেই আলোচিত প্রচ্ছদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের মাটিতে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের প্রেক্ষিতে ওয়াশিংটনকে নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় ‘নরকে স্বাগতম’ (Welcome To Hell) শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে সাফ জানানো হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের ভূখণ্ডে পা রাখে, তবে তারা কেবল ‘কফিনে’ বন্দি হয়েই ফিরে যাবে।

গত শুক্রবার মার্কিন গণমাধ্যমে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পরপরই তেহরানের পক্ষ থেকে এই চরম বার্তা এলো। সামরিক বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এই সেনাবহর মোতায়েন মূলত ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিরই অংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তেহরানের সাথে শান্তি আলোচনা ‘ইতিবাচক’ভাবে এগোচ্ছে, তবে সেনাসংখ্যা বৃদ্ধির এই উদ্যোগ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে ট্রাম্পকে আরও শক্তিশালী সামরিক বিকল্প দিতেই এই অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। এসব সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল ‘খার্গ দ্বীপ’-এর কাছাকাছি মোতায়েন করা হতে পারে।

এদিকে তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে তারা ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরে নতুন রণাঙ্গন খুলে দেবে। এতে বিশ্বব্যাপী জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ মারাত্মক হুমকির মুখে পড়বে। অন্যদিকে, রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের প্রাণকেন্দ্রে ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার দাবি করেছে ইরান-পন্থী গোষ্ঠী হিজবুল্লাহ।