যশোরের আলোচিত মাদক ব্যবসায়ী প্রিয়া ফের আটক

0
ছবি: তৃষা আক্তার প্রিয়া (২৪)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আলোচিত মাদক ব্যবসায়ী তৃষা আক্তার প্রিয়া (২৪) ফের মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়েছেন। গত শুক্রবার বিকেলে শহরের রেল বাজার এলাকা থেকে তাকে আটক করে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। এর ২২ দিন আগে তৃষা আক্তার প্রিয়া গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন।

আটক তুষা আক্তার প্রিয়া চাঁচড়া রায়পাড়ার মৃত কাজী আক্তার হোসেনের মেয়ে। তিনি রেলগেট পশ্চিম পাড়ার শীর্ষ সন্ত্রাসী হিসেবে আলোচিত রাজা হোসেন ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর তৃষা আক্তার প্রিয়ার তৃতীয় স্বামী সন্ত্রাসী পিচ্চি রাজা। অপর আটক রোকেয়া বেগম রেলস্টেশন পূর্ব পাড়ার মৃত সুখচানের মেয়ে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজের গলিতে অভিযান চালান।

এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে আটক তৃষা আক্তার প্রিয়ার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা এবং রোকেয়া বেগমের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক তুষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকের ১৪টি মামলা রয়েছে।

এর আগে গত ৫ মার্চ পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান গাঁজা ও প্রায় অর্ধলাখ টাকাসহ তৃষা আক্তার প্রিয়াকে আটক করেছিলেন। পরে আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসা শুরু করেছিলেন তৃষা আক্তার প্রিয়া।