প্রিপেইড মিটারে আর থাকছে না মাসিক চার্জ

0
প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) পদ্ধতি চিরতরে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে।

মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণেই আমরা মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে গুনতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে কেন এই চার্জ নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে এবং প্রিপেইড মিটার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এই সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।