যারা গড়তে জানে না, শুধু ভাঙতে জানে এমন দল থেকে সজাগ থাকতে হবে : নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একটি রাজনৈতিক দল আছে যারা গড়তে জানে না, তারা শুধু ভাঙতে জানে। নব্বইয়ের নির্বাচিত সরকারকে মাত্র তিন বছরের মাথায় অস্থিতিশীল করতে যারা ভূমিকা রেখেছিল, ওই রাজনৈতিক দল তাদের মধ্যে অন্যতম। তাই আমাদের সজাগ থাকতে হবে; কোনো প্রকার ‘মব’ সৃষ্টি বা অন্যায় আবদারের কাছে মাথা নত করা যাবে না।

শনিবার দুপুরে যশোর শহরের বেজপাড়ার শহীদ সুধীর ঘোষসহ ওই এলাকার একাত্তরের সকল শহীদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট চলছে, যার আঁচ আমাদের দেশেও লাগতে পারে। একটা সময় আমাদের দেশে খাদ্যের অভাব ছিল না, বরং বণ্টন ব্যবস্থার দুর্বলতার কারণেই দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই সংকট আমাদের সবাইকে মিলে মোকাবিলা করতে হবে।

শহীদ সুধীর ঘোষ সড়ক এলাকার ‘শহীদ স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উদযাপন কমিটি’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবব্রত ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাংবাদিক সাজেদ রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিষ্ণু সাহা ও খান তাজউদ্দীন প্রমুখ।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।