জ্বালানি খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার; দাম বাড়ার পরিকল্পনা নেই

0
জনগণের ওপর বাড়তি চাপ নয়। জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের গুরুত্বপূর্ণ ঘোষণা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববাজারে অস্থিতিশীলতা ও চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জনগণের স্বার্থে সরকার বর্তমানে জ্বালানি খাতে প্রতিদিন গড়ে ১৬৭ কোটি টাকা ভর্তুকি প্রদান করছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বের অন্তত ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও বাংলাদেশ তা করেনি। কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। জনবান্ধব এই সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর।”

জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে তিনি জানান, মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদ উৎসবকে কেন্দ্র করে বর্তমানে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হচ্ছে। বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত রয়েছে এবং আগামী ৯০ দিনের ব্যাকআপ মজুত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

বক্তব্যের শেষাংশে তিনি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে বর্তমান সরকারের একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।