যশোরে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড; অল্পের জন্য প্রাণ রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর

0
যশোরে বাসে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত জানালা ও দরজা দিয়ে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন দেখা দেয় এবং মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বিকট শব্দে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনে ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু মালিকপক্ষের জোরাজুরিতেই তিনি বাসটি নিয়ে রওনা হতে বাধ্য হন। এ ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।