রামপালে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কিন্ডারগার্টেনের ৩০ শিশু অসুস্থ

দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীরা মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

কিন্ডারগার্টেন থেকে জানা যায়, শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ওই শিক্ষককে সারপ্রাইজ দেওয়ার জন্য পাশের মোড়ল স্টোর থেকে শনিবার বেলা ১১টার দিকে কেক কিনে আনে। ওই কেক প্রতিষ্ঠানের ৩০ জন শিশু শিক্ষার্থী খায়। কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যে তারা বমি শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। দেখা যায় কেকগুলো মেয়াদ উত্তীর্ণ।

এ ঘটনায় শিশুদের অভিভাবকদের পক্ষ থেকে ফয়লা পুলিশ ক্যাম্পে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ জানালে পুলিশ ওই কিন্ডারগার্টেনে আসে। তারা ঘটনার বিষয়ে কথা বলার এক পর্যায়ে দোকানি বেলাল মোড়ল পুলিশের সাথে দুর্ব্যবহার করেন।

এ সময় ক্যাম্পের পুলিশ রামপাল থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনার অবহিত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী ও রামপাল আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল একটি টিম এবং রামপাল থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় বিকাল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ফয়লা বাজার কমিটির লোকজন, সাংবাদিকসহ ১৫০/২০০ জন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনায় মোড়ল স্টোরকে সতর্ক করার পাশাপাশি নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া দোকানে থাকা আরো ৩টি মেয়াদোত্তীর্ণ কেক সকলের সামনে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর।