বর্ডার গার্ড বাংলাদেশে বড় নিয়োগ: ৫৬ টাকায় সিপাহী পদে আবেদনের সুযোগ

0
১০৫তম ব্যাচে সিপাহী পদে নিয়োগের জন্য আবেদন চলছে। মাত্র ৫৬ টাকা ফি দিয়ে ২ এপ্রিলের মধ্যে আবেদন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সীমান্ত রক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত এই বাহিনীতে পুরুষ ও মহিলা—উভয় পদের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর। তবে কোনো ক্ষেত্রেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের জন্য উচ্চতায় কিছুটা শিথিলতা রয়েছে। পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া ও বেতন কাঠামো: আগ্রহী প্রার্থীরা বিজিবির অফিসিয়াল ই-রিক্রুটমেন্ট পোর্টাল (joinborderguard.bgb.gov.bd)-এ গিয়ে মোট ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি হিসেবে মাত্র ৫৬ টাকা মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিপাহী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা স্কেলে বেতন পাবেন। এছাড়াও আবাসন সুবিধা, মানসম্মত রেশন, উন্নত চিকিৎসা এবং পরিবারের সদস্যদের জন্য অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।