সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

0
সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় চট্টলা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত পাওয়ার কার থেকে ধোঁয়া বেরোচ্ছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ বৃহস্পতিবার সকালে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে সাতটার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় চলন্ত ট্রেনের পাওয়ার কারে এই আগুন লাগে। ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং তাৎক্ষণিক ট্রেন থামানোর সংকেত দেওয়া হয়। ১৭টি বগি নিয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটির ‘চ’ বগির সামনে থাকা পাওয়ার কারটিতে আগুন জ্বলতে দেখে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আসার আগেই ট্রেনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে নিরাপদ স্থানে নিয়ে যান। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের পাওয়ার কার ও এসি বগিটি ক্ষতিগ্রস্ত হয় । বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লেন ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে । রেল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নতুন বগি সংযোগের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করবে।