দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে তার সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি মীমাংসার জন্যে শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

নিহত শহিদুল ইসলাম মোক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। দুই ছেলে ও এক মেয়ের জনক।

এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় পূর্বেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।