শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ টাকাসহ দুই ভাই আটক; ইজিবাইক জব্দ

0
শার্শার বাগআঁচড়ায় আটককৃত দুই ভাই এবং উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ও নগদ টাকার প্রদর্শনী ।। ছবি: লোকসমাজ

নিজস্ব প্রতিবেদক || যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় স্মার্টফোন ও প্রায় ৫ লক্ষ নগদ টাকাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া আমতলা এলাকার মের্সাস সরদার ট্রেডার্সের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গুরা চাঁদ ও এএসআই ফরহাদের সমন্বয়ে একটি চৌকস টিম আমতলা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ইজিবাইকটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুল হামিদ ও সিরাজুলের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬টি ভারতীয় স্মার্টফোন এবং ৪ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল অবৈধভাবে সীমান্ত পার করে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও পাচার আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।