যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা: একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

0
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা! ৪ বছরের শিশু শেহেরিশসহ প্রাণ হারালেন বাবা ও দাদা।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ যশোর-মাগুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার গাইদঘাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই যশোরের মনিরামপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি পরিবারের সবাইকে নিয়ে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত আড়াইটার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা একটি বটগাছে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জনি এবং তার বাবা মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় জনির চার বছর বয়সী মেয়ে শেহেরিশকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এই ঘটনায় জনির মা মনোয়ারা বেগম, স্ত্রী সাবরিনা জাহান এবং ১০ বছর বয়সী ছেলে সামিন আল মাস গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, গাড়িটি যশোরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালকের আসনে থাকা জনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মনিরামপুরে নিহতদের দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। একটি সাজানো পরিবারের এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের মাতম চলছে।