ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেতানিয়াহু বললেন, ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

0
ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা! আকাশ প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত ৮৮, আশঙ্কাজনক ১০। পরিস্থিতিকে 'অত্যন্ত কঠিন' বললেন নেতানিয়াহু।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের আরাদ ও ডিমোনা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিশেষ উদ্বেগের বিষয় হলো, দক্ষিণ ইসরায়েলি শহর ডিমোনা—যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অবস্থিত, তার মাত্র ১৩ কিলোমিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু এই ঘটনাকে ইসরায়েলের জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন। তিনি উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়ে দেশবাসীকে কঠোর নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও সুর চড়িয়ে নেতানিয়াহু বলেন, “সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” বিবিসি জানায়, ইরানের এই অতর্কিত হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কবার্তা জারি রয়েছে।