শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

0
ছবি: লোকসমাজ।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পেঁয়াজ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন কৃষক। শনিবার দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সুশীল বিশ্বাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে খড়িবাড়িয়া গ্রামের একটি মাঠে কৃষকরা পেঁয়াজ তোলার কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বজ্রপাতে রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ আরও চার কৃষক গুরুতর আহত হন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা ডাঃ এহতেশাম শহীদ জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের শরীর বজ্রপাতে ঝলসে গেছে; তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।