পুলিশের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী; ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

0
পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান ইউনিফর্ম বা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন। তাই বাহিনীর পূর্বের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর দশা থেকে বাহিনী আজ এই পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়। পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি—পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। একটি আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। পুলিশের মনোবল চাঙ্গা করতে এবং দক্ষ জনবল বৃদ্ধিতে সরকার নিরলস কাজ করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ থেকে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।