সংসদে শব্দযন্ত্রের গোলযোগ: সাবোটাজ কি না তদন্তে ৩ সদস্যের কমিটি

0
জাতীয় সংসদ ভবন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রের নজিরবিহীন গোলযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই বিভ্রাট কোনো ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড কি না, তা খতিয়ে দেখে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ সাউন্ড সিস্টেমের স্থায়ী সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রথম দিনেই শব্দযন্ত্রের ভয়াবহ বিভ্রাটের কারণে অধিবেশন সাময়িক স্থগিত রাখতে হয়। পরবর্তী কার্যদিবসেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। চিফ হুইপ জানান, “প্রাথমিক ধারণায় মনে হচ্ছে এটি একটি সাবোটাজ হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।”

শব্দযন্ত্রের অস্বস্তি নিয়ে চিফ হুইপ ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “বর্তমান হেডফোনগুলো আকারে অনেক বড় এবং ব্যবহারের সময় মাথা ও কান গরম হয়ে যায়। সংসদ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে এই ‘ঢাউস’ হেডফোনগুলো দ্রুত পরিবর্তন করা হবে।”

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। চিফ হুইপ জানান, স্পিকার, মন্ত্রী ও হুইপদের বাসভবন বাদে বাকি সকল সংসদ সদস্যের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। ফ্ল্যাটগুলোর প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম কেনাকাটা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল সংসদ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।