হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান

0
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যিনি বন্ধুরাষ্ট্রগুলোর জন্য জলপথ খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের তীব্রতার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলে সবুজ সংকেত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত দেশের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি খোলা রাখা হবে। ইরানের এই বিশেষ তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো এই জলপথ পুরোপুরি বন্ধ থাকার দাবি করলেও তা সঠিক নয়। তিনি স্পষ্ট করেন, ইরান যাদের বন্ধু মনে করে অথবা যারা নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে, তাদের জন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে। ইতিমধ্যে ভারতের দুটি জাহাজ এই পথ ব্যবহার করেছে এবং বাংলাদেশও এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা শত্রুপক্ষ ও তাদের মিত্রদের কোনো জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না।
বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়। গত এক মাসে এই পথে জাহাজ চলাচলের সংখ্যা প্রায় ৯৫ শতাংশ কমে যাওয়ায় বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রণালিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে ইরান। বর্তমানে কেবল ১৫৫টি জাহাজ এই পথ দিয়ে পার হতে পেরেছে, যার অধিকাংশই ছিল বন্ধুরাষ্ট্রগুলোর তেল ও গ্যাস পরিবাহী ট্যাংকার।