জন্মদিনে শাকিব খানের বড় ধামাকা; প্রকাশ্যে এলো ‘রকস্টার’ লুকে নতুন চমক

0
'রকস্টার'–এর লুকে শাকিব খান।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। সেই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে ভক্তদের জন্য বড় সারপ্রাইজ নিয়ে এলেন এই শীর্ষ নায়ক। প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার। বেলা ১১টার দিকে পোস্টারটি প্রকাশের মাত্র ৭ মিনিটের মাথায় তাতে ২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো টর্নেডো সৃষ্টি করেছে।

বিগত কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’-এর মতো সিনেমায় শাকিব খানকে পুরোদস্তুর অ্যাকশন লুকে দেখা গেলেও, ‘রকস্টার’-এ তিনি ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আমেজে। পোস্টারে দেখা গেছে, চোখে কালো সানগ্লাস, পরনে ক্যাজুয়াল পোশাক এবং পায়ে স্নিকার্স পরে রাস্তায় বসে আছেন শাকিব। সারা গায়ে ট্যাটু করা এই নতুন লুক দেখে মুগ্ধ ভক্তরা। মন্তব্যের ঘরে প্রশংসার পাশাপাশি উপচে পড়ছে জন্মদিনের শুভেচ্ছা।

জানা গেছে, আজমান রুশো পরিচালিত এই সিনেমার শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। পরিচালক গণমাধ্যমে জানান, “আমরা শাকিব খানকে একজন অতি আধুনিক এবং ট্রেন্ডি রকস্টার হিসেবে উপস্থাপন করছি। তিনি এই সিনেমায় একজন মিউজিশিয়ান, যিনি গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই এই চরিত্রটি সাজানো হয়েছে।”

সান কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। নুসরাত মাটির চিত্রনাট্যে ছবিটির সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।