যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল তেহরান, যুদ্ধ বিরতিতে ইরানের কঠোর ৫ শর্ত

0
যুদ্ধ থামানোর বিনিময়ে ৫ দফা কঠিন শর্ত জুড়ে দিল তেহরান।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ চার সপ্তাহের বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মর্জিতে নয়, বরং ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে। বুধবার (২৫ মার্চ) ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
ইরানি ওই কর্মকর্তা মার্কিন প্রস্তাবকে ‘অযৌক্তিক’ হিসেবে অভিহিত করে বলেন, ওয়াশিংটন মূলত যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয়ের বাস্তবতাকে আড়াল করতেই এসব কূটনৈতিক প্রস্তাব দিচ্ছে। তিনি ২০২৫ সালের বসন্ত ও শীতকালে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় যুক্তরাষ্ট্র আলোচনার নামে ‘প্রতারণা’ করেছিল এবং পরবর্তীতে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়েছিল। ফলে বর্তমান প্রস্তাবটিকেও ইরান কেবল উত্তেজনা বৃদ্ধির একটি কৌশল হিসেবে দেখছে।
যুদ্ধ অবসানে ইরান পাঁচটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে।
প্রথমত, শত্রুপক্ষকে আগ্রাসন ও গুপ্তহত্যা পুরোপুরি বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে ইরানের ওপর পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তার সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।
তৃতীয়ত, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা থাকতে হবে।
চতুর্থত, অঞ্চলের সব ফ্রন্টে লড়াইরত প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের ইতি টানতে হবে।
এবং পঞ্চমত, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের চর্চাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ওই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৮০ দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, তাদের সব দাবি মেনে নেওয়া হলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব, অন্যথায় শত্রুর ওপর পাল্টা আঘাত অব্যাহত থাকবে।