কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের বলি চৌগাছার দম্পতি

0
কুমিল্লার দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া মামুন পরিবহনের সেই বাস, যাতে প্রাণ হারিয়েছেন চৌগাছার দম্পতি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও ‘মামুন স্পেশাল’ পরিবহনের বাসের মধ্যে ঘটা ভয়াবহ সংঘর্ষে নিহত ১২ জনের মধ্যে যশোরের চৌগাছার এক দম্পতি রয়েছেন। নিহতরা হলেন—উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত ফকির চান মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৬০) এবং তার স্ত্রী কোহিনূর বেগম (৫০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সিরাজুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী হিসেবে সম্প্রতি পিআরএলে (অবসরোত্তর ছুটি) গিয়েছিলেন। শনিবার ঈদের নামাজ আদায় শেষে সন্ধ্যায় তারা স্বামী-স্ত্রী মিলে কুমিল্লায় মেয়ের জামাই বাড়িতে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে রওনা দেন।

চৌগাছার মামুন কাউন্টার মাস্টার শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় কাউন্টার থেকে বাসটি ছেড়ে যায়। পথিমধ্যে রাত আড়াইটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসটি ঢাকা মেইল ট্রেনের কবলে পড়লে ঘটনাস্থলেই এই দম্পতি প্রাণ হারান।

নিহতদের স্বজন আক্তারুজ্জামান জানান, দীর্ঘ প্রবাস বা কর্মজীবন শেষে এবারের ঈদটি তারা আনন্দেই কাটিয়েছিলেন। কিন্তু মেয়ের বাড়ি যাওয়ার পথেই সব শেষ হয়ে গেল। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া ও যোগাযোগ অব্যাহত রয়েছে। এই ঘটনায় আজমতপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- যশোরের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুরের চাপাতলী এলাকার মমিনুল হকের থেকে ইসলাম (৬৭), ঝিনাইদহ জেলার মুক্তার বিশ্বাসের ছেলে জিহাদ বিশ্বাস (২৪), যশোরের চৌগাছা এলাকার সিরাজুল ইসলাম (৭০) তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) নোয়াখালীর সোনাইমুড়ির বাবুল চৌধুরী (৫৫), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালীর ফাজিলপুরের মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫) ও লক্ষ্মীপুর সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাইদা (৯)।