ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

0
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ আনন্দ মুহূর্তেই বিষাদ। ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ২। উদ্ধার অভিযান চলমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে একটি জীর্ণ ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহত শিশুরা হলো—কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদের দিন বিকেলে এই ব্রিজে এবং এর আশপাশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আজ অতিরিক্ত মানুষের চাপে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নিচে নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে ভেসে যায় বেশ কয়েকজন শিশু। এতে ঘটনাস্থলেই ওই তিন শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।