একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো : পুতিন

0
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর একটি অনুষ্ঠানে, ১৯ মার্চ ২০২৬।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের নওরোজ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে মস্কো সবসময় পাশে রয়েছে। শনিবার ক্রেমলিন থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি ইরানি জনগণকে বর্তমান কঠিন পরীক্ষা সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানান।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে। এই সংঘাতের ফলে একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি শর্ত প্রস্তাব করেছিল। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে রুশবিরোধী গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে তথ্য আদান-প্রদান বন্ধ করবে। তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়া এক গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে। তবে কৌশলগত অংশীদার ইরানের ওপর হামলার ফলে তেলের উচ্চমূল্য রাশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। উল্লেখ্য, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি থাকলেও তাতে কোনো ‘পারস্পরিক প্রতিরক্ষা ধারা’ নেই। এছাড়া ইরান পারমাণবিক বোমা তৈরি করুক—মস্কো তা চায় না বলে বারবার স্পষ্ট করেছে, যাতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতার সৃষ্টি না হয়।