যশোরে ৬০০ সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’

0
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে যশোরে সুবিধাবঞ্চিতদের নিয়ে ‘জয়ফুল জার্নি’র ঈদ উৎসব পালিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের যান্ত্রিকতার মাঝে এক চিলতে মানবিকতার পরশ পেল ৬০০ সুবিধাবঞ্চিত মানুষ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শনিবার দুপুরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী মিলনমেলার। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুস্থ নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল উন্নতমানের প্রীতিভোজের আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা। জয়ফুল জার্নি যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য আইসক্রিম কর্নার। মধ্যাহ্নভোজের পর আইসক্রিমের স্বাদ শিশুদের মাঝে বাড়তি উল্লাস তৈরি করে। সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এটি তাদের প্রথম আয়োজন নয়; গত দুটি ঈদেও তারা সুবিধাবঞ্চিতদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়ফুল জার্নির প্রধান উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি কৃষ্ণ পাল, জয়েন্ট সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন ও সদস্য শেখ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর চেম্বারের যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা এজাজ উদ্দিন টিপু এবং ফারুক হোসেন। যশোরের সামাজিক অঙ্গনে এই মানবিক উদ্যোগটি ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।