আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর

0
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ৯৮ বছরের ঐতিহ্য মেনে সাদ্রা পীরের অনুসারীরা এই উৎসব পালন করছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ১৯২৮ সাল থেকে চলে আসা ঐতিহ্য অনুযায়ী সাদ্রা দরবার শরীফের অনুসারীরা একদিন আগেই এই উৎসব পালন করছেন।

আজ সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল-মাদানী। এছাড়া সকাল সাড়ে ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে পীরজাদা আরিফুল্লাহ চৌধুরীর ইমামতিতে অপর একটি জামাত অনুষ্ঠিত হবে। ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.) এই প্রথা চালু করেন। তাঁরই উত্তরাধিকারী ও অনুসারীরা বর্তমানে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই ধারায় রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী জানান, মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁরা ঈদ ও রোজা পালন করেন। যদিও চাঁদ দেখার সংবাদ নিয়ে বিভিন্ন স্থানে বিতর্ক থাকে, তবে তাঁরা ৩০ রোজা পূর্ণ করেই শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। হাজীগঞ্জের সাদ্রা, অলিপুর, বলাখাল; ফরিদগঞ্জের গল্লাক, শোল্লা; মতলবের মোহনপুর ও কচুয়ার আংশিক গ্রামসহ মোট অর্ধশতাধিক গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৯৮ বছর ধরে এই প্রথাটি স্থানীয় জনপদে এক অনন্য ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে।