সন্ত্রাসী’ সাজিদের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিরোধে রাকিব হত্যাকাণ্ড: পুলিশ

0
রাকিব হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার ও পিস্তল উদ্ধার করেছে ডিএমপি। নেপথ্যের কারণ হিসেবে উঠে এসেছে প্রেম ও প্রতিহিংসা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। খুলনার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সাজিদের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরে তৈরি হওয়া বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ‘বি কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগরসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন— শিহাব, রাফিন, জয় ও সাগর ফকির। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাফিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। বাকিদের খুলনা, পটুয়াখালী ও গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাজিদের স্ত্রী ও টিকটকার জান্নাত মুনের সঙ্গে রাকিবের সুসম্পর্ক গড়ে উঠলে সাজিদের সঙ্গে তাঁর চরম বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সাজিদ খুলনা থেকে একদল ভাড়াটে খুনি ঢাকায় পাঠায়। তারা ঘটনার ৩-৪ দিন আগে ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান নিয়ে রাকিবের গতিবিধি নজরদারি করে। গত ১৫ মার্চ রাতে শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় রাকিবের ওপর হামলা চালানো হয়। পলাতক আলামিন গুলি চালায় এবং শিহাব, জয় ও রাফিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবের মৃত্যু নিশ্চিত করে। সালাউদ্দিন পুরো ঘটনার সমন্বয় ও অস্ত্র সরবরাহ করেছিলেন। এ ঘটনায় জড়িত আরও ৭-৮ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।