প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, রাস্তায় পড়ে গৃহবধূর মৃত্যু

0
উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ মুক্তার মৃত্যু।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর উত্তরায় চলন্ত রিকশা থেকে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এই ঘটনা ঘটে। নিহত মুক্তা বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামী লিমন হোসেনের সঙ্গে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে মুক্তা ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে মুক্তার হাতে থাকা ব্যাগ ধরে সজোরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথা ও কপালে গুরুতর আঘাত পান।

পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল ও পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দুপুরে ঢামেক হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তুরাগ থানা পুলিশ ঘাতক প্রাইভেট কার ও ছিনতাইকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।