যশোরে রায়মানিক ও কচুয়া যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রায়মানিক ও কচুয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রায়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও যুবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

১৩নং কচুয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। যুবসমাজকে ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আবুল কালাম আজাদ, কৃষক দলের সদস্য ইকবাল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়মানিক দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মো. জহিরুল ইসলাম। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় জনসাধারণ একত্রে ইফতার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত যুবদল নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং ধর্মীয় চেতনা ছড়িয়ে দিতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। রায়মানিক ও কচুয়া গ্রামের যুবসমাজের এই মহতী উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।