কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি কৃষকের হাতে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) পবিত্র শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই কৃষকদের ভাগ্য বদলানো ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সকাল ১১টার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জানান, এই কার্ডের মূল লক্ষ্য হলো সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও হয়রানি চিরতরে বন্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শবে কদরের ছুটির দিনেও তাঁর এই দাপ্তরিক ব্যস্ততা জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক জানান, ঢাকা মহানগরীকে নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং তিনি প্রতিনিয়ত উন্নয়ন কাজের খোঁজ নিচ্ছেন। ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলার জন্য দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।