নীলসাগর এক্সপ্রেস উদ্ধারে ঈশ্বরদী ও সৈয়দপুর থেকে রিলিফ ট্রেন

0
বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেন উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি উদ্ধারে জোর তৎপরতা শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া সৈয়দপুর থেকেও আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।

এর আগে দুপুর ২টার দিকে সান্তাহার জংশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটির ১৪টি বগির মধ্যে ৯টিই লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গত ১৫-২০ দিন ধরে ওই এলাকায় লাইন সংস্কারের কাজ চলায় ট্রেন চলাচলে সতর্কতা ছিল। এক কিলোমিটার দূরে লাল পতাকা টাঙানো থাকলেও চালক তা অমান্য করে দ্রুত গতিতে ট্রেন চালানোয় এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পরপরই আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে নিচে পড়ে হাত-পায়ে গুরুতর আঘাত পান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় রেললাইনের স্লিপারগুলো লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাতের মধ্যেই লাইন সচল করার চেষ্টা চলছে।