যশোরের লিবার্টি সু’র সিন্দুক ভেঙে ৭ লক্ষাধিক টাকা চুরি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের অন্যতম ব্যস্ততম বড় বাজারের এইচ এম এম রোডের লিবার্টি সু’তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে দোকানের ভেতর ঢুকে ৭ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় দোকান ম্যানেজার প্রবীর কুমার মজুমদার গত সোমবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ম্যানেজার প্রবীর কুমার মজুমদারের অভিযোগ, গত রোববার দিবাগত রাত পৌনে ২ টার দিকে তারা দোকান বন্ধ করে চলে যান। পরদিন সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা দোকান খুলে দেখতে পান, ২টি ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভাঙা। ভেতরে রাখা ৭ লাখ ৩ হাজার ২৭৫ টাকা নেই।

এ সময় তারা বুঝতে পারেন, দোকানের ভেতর চোর ঢুকেছিলো। পরে তারা খোঁজ নিয়ে দেখতে পান, অজ্ঞাত পরিচয় চোরেরা পেছন থেকে কোনো উপায়ে তৃতীয় তলায় ওঠে এবং জানালার গ্রিল কেটে দোকানে ঢুকে ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভেঙে ৭ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়।

এদিকে দোকানের ভেতর থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা গেঞ্জি ও হাফ প্যান্ট পরা এবং মুখ বাধাঁ একজন চোর দোকানের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে।