দোকান দখলচেষ্টা ও নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতা খয়রাত হোসেনের বিরুদ্ধে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের নেতা এ.কে.এম খয়রাত হোসেনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকান জোরপূর্বক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শহরের নাজির শংকরপুর এলাকার মো. কুদ্দুস আলী দাবি করেছেন, তিনি দীর্ঘ প্রায় তিন দশক ধরে শহরের আরএন রোড এলাকায় দোকানে ব্যবসা পরিচালনা করে আসলেও সেটি দখল করে নেয়ার চেষ্টা করেন একে এম খয়রাত হোসেন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি ১৯৯৫ সাল থেকে চুক্তির ভিত্তিতে দোকান ঘরটিতে ব্যবসা শুরু করেন এবং ২০০৭ সালে উভয় পক্ষের সম্মতিতে দোকানের পজিশন ক্রয় করেন। তবে পরবর্তীতে ভবনের মালিকানা পরিবর্তনের পর নতুন মালিক খয়রাত হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে নতুন করে চুক্তিতে স্বাক্ষর করতে চাপ দেন।

কুদ্দুস জানান, নতুন চুক্তিতে রাজি না হলে তাকে দোকান ছাড়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নানা ভয়ভীতি ও চাপের মুখে তিনি বাধ্য হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু এরপরও তাকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানি অব্যাহত রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দোকানের ভেতর দিয়ে টয়লেটের পাইপ স্থাপন করে নোংরা পানি প্রবাহিত করা, নিয়মিত ভাড়া গ্রহণে টালবাহানা, দোকান ভাঙচুরের চেষ্টা, মিথ্যা অপবাদ দেওয়া এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমনকি তার ছোট ভাইকে মারধর এবং ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাষ্য, গত ১৪ থেকে ১৫ বছর ধরে পরিকল্পিতভাবে তাকে উচ্ছেদের চেষ্টা চলছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন কুদ্দুস। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।