তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সোমবার বাদ আসর তিনি শহরের কারবালা কবরস্থানে গিয়ে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের কবর জিয়ারত করনে। এর আগে সকালে জেলা পরিষদের প্রশাসক নিজ কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব বুঝে নিয়ে নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খোকন নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তিনি কাজ করবেন। জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য রোববার সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। স্থানীয় সরকার বিভাগের জারি করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যশোর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।