ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর পরিদর্শনে রেলমন্ত্রী; অনলাইনে টিকিটপ্রত্যাশী ছিলেন ৩৭ লাখ

0
ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ পরিসংখ্যান দিলেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) সকালে স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঈদযাত্রার অগ্রিম টিকিট সংগ্রহের জন্য অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রতিদিন গড়ে ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

রেলপথ মন্ত্রী বলেন, “গত ৩ মার্চ থেকে আমরা ১০ দিন আগের অগ্রিম টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছিলাম। আজ থেকে সেই টিকিটধারী যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে। স্টেশনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক এবং যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারছেন।” মন্ত্রী আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত কমলাপুর থেকে ২১টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ১৯টি ট্রেন সঠিক সময়ে ছাড়লেও যান্ত্রিক কারণে মাত্র দুটি ট্রেন সামান্য বিলম্বে ছেড়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। যাত্রীরা বর্তমান সেবায় খুশি হলেও ভবিষ্যতে এই মান বজায় থাকবে কি না, তা নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন। জবাবে মন্ত্রী বলেন, “রেলের সেবার মান যেকোনো মূল্যে অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে যাত্রীসেবা আরও আধুনিক ও উন্নত করার পরিকল্পনা আমাদের রয়েছে।” ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।