‘সংসদে আম্পায়ারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করব’: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

0
“সংসদ পরিচালনায় আমি আম্পায়ারের মতো নিরপেক্ষ থাকব।” স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা দিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার সংসদ পরিচালনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “সংসদ পরিচালনায় আমার ভূমিকা হবে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ।”

পবিত্র এই স্থানে শ্রদ্ধা নিবেদনকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের স্মৃতির প্রতি সম্মান জানান। তিনি বিশেষভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার ঘোষণা করেন যে, সংসদের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে তিনি ইতোমধ্যেই দল থেকে পদত্যাগ করেছেন।

স্মৃতিসৌধ থেকে ফিরে স্পিকার ও ডেপুটি স্পিকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। স্পিকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে এবং জাতীয় সংসদই হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে বলেও তিনি আশ্বস্ত করেন।