উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

0
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি; পরিবারের সিদ্ধান্তে আজই পাড়ি দিচ্ছেন সিঙ্গাপুর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বেলা ১১টা ২০ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে ওই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর আরোগ্য কামনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।