যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী ৯ দিন পর উদ্ধার

0
যশোরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনের সেই ওধুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের ৯দিন পর উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

গত বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোলের খোরসি এলাকার একটি ইটভাটার পাশ থেকে তাকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। নিজ মোটরসাইকেলের সাথে তাকে বেঁধে রাখা হয়েছিলো। তবে অপহরণের সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত ২ মার্চ রাতে নিজ ওষুধের দোকান থেকে মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফেরার পথে অপহৃত হন জাহাঙ্গীর আলম। অপহরণের পর তার পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমের পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকেই র‌্যাব অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে। গত বুধবার রাতে তারা গোপন সূত্রে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন, চৌগাছা উপজেলার পাশাপোলের খোলসি এলাকায় জাহাঙ্গীর আলমকে রেখে দেওয়া হয়েছে।

এ খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে তাদের একটি টিম খোলসি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানকার একটি ইটভাটার কাছের ছাপড়া ঘরের পাশে নিজ মোটরসাইকেলে বেঁধে রাখা অবস্থায় তারা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেন। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণের সাথে জড়িতরা কৌশলে পালিয়ে যান।

তিনি বলেন, অপহরণের কারণে জাহাঙ্গীর আলম ট্রমার মধ্যে আছেন। তাকে মারধর করা হলেও তিনি সুস্থ আছেন।

কোতয়ালি থানা পুলিশের এসআই হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভিকটিম জাহাঙ্গীর আলম আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে অপহরণের বিষয়ে জবানবন্দি প্রদান করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জবানবন্দি গ্রহণ করেন।