ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ ফিলিস্তিনে সাধারণ জনগণের ওপর দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ করেছেন শতাধিক তৌহিদী জনতা। শনিবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অর্ধশতাধিক মোটরসাইকলে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং মাথায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।
ফিলিস্তিনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে তারা বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর দখলদার ইসরায়েলি আগ্রাসী হামলায় শিশু থেকে নানা বয়সী নারী-পুরুষের মৃত্যু এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। স্বাধীন ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিদের বসতি স্থাপনে যে ইসরাইলের জন্ম সেখানে দখলদার থাবায় ফিলিস্তিন আজ নিজভূমিতে পরাধীন। গাজা উপত্যকায় যখন প্রতিবাদের সূচনা হচ্ছে তখন একের পর এক ভয়াবহ ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদেও নামাজ পড়তে বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী। সাধারণ মানুষের ওই বিক্ষোভে আরও অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক মেম্বার মিঠু, মাওলানা মহিউদ্দীন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।