২৬ হাজার টন অকটেন নিয়ে বন্দরে ‘কুইচি’, চলবে দুই মাসের বেশি

0
এক মাসে এল ৩ চালান: মজুত অকটেনে চলবে দুই মাসের বেশি সময় ।। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। জাহাজটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাসের কার্যক্রম শুরু হবে।

চলতি এপ্রিল মাসে এটি দেশে আসা অকটেনের তৃতীয় বড় চালান। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ১ হাজার ২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সেই হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে আগামী দুই মাসেরও বেশি সময় চাহিদা মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অপেক্ষায় রয়েছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং সম্পন্ন করে তেল খালাস শুরু করেছে। তবে বন্দরে তেলের জাহাজের জন্য ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে কার্গো থেকে তেল খালাস প্রক্রিয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।