অভয়নগরে ১২টি ককটেলসহ হত্যা মামলার পলাতক আসামি আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ আজিজুল শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬। আটক আজিজুল ২০১৫ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ইছামতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আজিজুল শেখ ওই গ্রামের সফারত শেখের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইছামতি গ্রামে আজিজুল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর আঙিনায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১২টি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক আজিজুল শেখ দীর্ঘদিনের পলাতক আসামি। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি আলোচিত হত্যা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ককটেলগুলো নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। আটক আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।