দেশে জ্বালানি তেলের সংকট নেই, দামও বাড়ছে না: সচিবালয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
সচিবালয়ে সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন নির্বিঘ্ন করতে সরকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “অকটেন ও পেট্রোলের কোনো ঘাটতি নেই। পেট্রোল প্রায় পুরোটাই দেশে পরিশোধিত হয় এবং অকটেনের সিংহভাগও স্থানীয়ভাবে পাওয়া যায়। মূলত দাম বাড়তে পারে এমন উদ্বেগ এবং সংকটের আশঙ্কায় মানুষ আগেভাগে তেল নেওয়ার চেষ্টা করায় পাম্পগুলোতে সাময়িক ভিড় তৈরি হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, দেশের কোনো পাম্পে সরবরাহ বন্ধ হয়নি, কিছু জায়গায় হয়তো গ্রাহকদের সাময়িক অপেক্ষা করতে হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলারে উঠলেও বর্তমানে তা ১০৬ ডলারে নেমেছে। বিশ্ববাজারের এই দাম বৃদ্ধিতে অর্থনীতিতে চাপ থাকলেও সরকার জনগণের কথা ভেবে এখনই দাম বাড়ানোর কথা ভাবছে না।

এছাড়া ভারতের সঙ্গে পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি আসার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরবরাহের এই ধারাবাহিকতা বজায় রয়েছে এবং চুক্তির মেয়াদও বিদ্যমান। তাই জ্বালানি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।