পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা

0
জামায়াতের আমির শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য এক অভিনব প্রস্তাব দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লেখা এক চিঠিতে তিনি অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। বিরোধীদলীয় নেতার মতে, এই পদায়নের মাধ্যমে সরকারের কাছে বিরোধী দলের পররাষ্ট্রনীতি উপস্থাপন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে শফিকুর রহমান উল্লেখ করেন, অধ্যাপক মাহমুদুল হাসান জাতিসংঘ, কমনওয়েলথ ও আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জামায়াতে ইসলামীর পক্ষে বিচক্ষণতার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছেন। ভূ-রাজনৈতিক গতিশীলতা রক্ষায় এই পদায়নকে তিনি ‘নতুন’ ও ‘অভিনব’ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তবে সাবেক পররাষ্ট্র সচিব ও পেশাদার কূটনীতিকেরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে কিংবা প্রতিবেশী দেশগুলোতেও সরকারের নীতিনির্ধারণী মন্ত্রণালয়ে বিরোধী দলের কাউকে পদায়নের এমন কোনো নজির নেই। তাঁদের মতে, এতে প্রশাসনিক বিশৃঙ্খলা ও কাজের ক্ষেত্রে সংবেদনশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হলে জামায়াত আমিরের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। আমিরের একান্ত সচিব মো. নজরুল ইসলাম জানান, মন্ত্রীর পদমর্যাদার বিষয়ে আমিরের ভিন্নমত ছিল। পরবর্তীতে অধ্যাপক মাহমুদুল হাসানকে বাদ দিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে আমিরের নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিষয়টি পররাষ্ট্র সচিবকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।