পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের উদ্যোগ

0
৪ হাজার এসআই পদের নতুন পদ সৃজনে কালকের সভা ঘিরে বাড়ছে প্রত্যাশা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) একটি পর্যালোচনা সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নোটিশে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী গ্রেড-১০ পদমর্যাদার ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের যৌক্তিকতা ও কারিগরি বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হবে।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের জনবলসংকট নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেন। গত ২৩ ফেব্রুয়ারি বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে কনস্টেবল এবং ১৮০টি সার্জেন্ট পদে নিয়োগের প্রক্রিয়া ও আবেদন শুরু হয়েছে। এবার এসআই পর্যায়ে বড় এই নিয়োগের উদ্যোগকে পুলিশের সেবা গতিশীল করার ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।