মিডিয়ার অতিরিক্ত চাপের কারণেই ‘জজ মিয়া নাটক’ হয়েছিল

0
পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বললেন নবনিযুক্ত আইজিপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পুলিশের ওপর মানসিক চাপ তৈরি হয় এমন পরিস্থিতি সৃষ্টি না করতে সংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের অনেক আলোচিত ‘নাটক’ বা ভুল তদন্ত মূলত মিডিয়ার অতিরিক্ত চাপের কারণেই সৃষ্টি হয়েছিল। উদাহরণ হিসেবে তিনি ‘জজ মিয়া নাটকের’ কথা উল্লেখ করে বলেন, ঘটনার গভীরে না গিয়ে দ্রুত ফল পাওয়ার চাপের কারণে অতীতে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, “আপনারা আমাদের ‘রেসপন্স টাইম’ দেবেন। এমনভাবে চাপ তৈরি করবেন না যাতে পুলিশের ওপর মেন্টাল প্রেশার তৈরি হয়।” তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, কোনো অপরাধীকে দলীয় পরিচয়ে ছাড় দেওয়া হবে না।

ঈদুল ফিতর সামনে রেখে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধের ডাক দেওয়ার পাশাপাশি থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি। এ সময় তিনি প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব দেন এবং পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানান।