নিরাপত্তাবিধানে যদি কামান দেওয়া লাগে, কামান দেব: জঙ্গল সলিমপুর প্রসঙ্গে ডিআইজি

0
অভিযানস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রশাসনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষে বিশাল অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব সংবাদিকদের বলেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী ক্যাম্প থাকবে এবং নিরাপত্তায় প্রয়োজন হলে ‘কামান’ ব্যবহার করতেও দ্বিধা করবে না প্রশাসন।

সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন-এর প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী। ডিআইজি আহসান হাবীব জানান, মূল লক্ষ্য ছিল বিশাল এই জনপদে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠা করা। এখন থেকে এখানে পুলিশ ও র‍্যাবের দুটি স্থায়ী তল্লাশিচৌকি বা ক্যাম্প কাজ করবে। ক্যাম্পের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “নিরাপত্তাবিধানে যদি কামান দেওয়া লাগে, আমরা কামান দেব।” তিনি দ্রুত সময়ের মধ্যে এই এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন অভিযানের সাফল্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে এখানে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গল সলিমপুর ঘিরে সরকারের নেওয়া পূর্ববর্তী উন্নয়ন পরিকল্পনাগুলো এখন থেকে দ্রুত গতিতে বাস্তবায়িত হবে। তবে সোমবার দুপুর পর্যন্ত আটক ১৫ জনের মধ্যে আলোচিত কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম পাওয়া যায়নি। পুরো এলাকাটি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র পাহারায় রয়েছে।