ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে দায়িত্ব পেলেন মনিরুজ্জামান

0
ঢাকা ওয়াসার নতুন এমডি হলেন অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বড় পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে সংস্থাটির নতুন এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে কর্মরত আছেন এবং বর্তমান পদের পাশাপাশি ওয়াসার শীর্ষ পদের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত রোববার দুপুরে ঢাকা ওয়াসার বিদায়ী এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ১১ নভেম্বর বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া সালাম ব্যাপারীর বিরুদ্ধে সম্প্রতি কানাডায় বাড়ি কেনা ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ ওঠে। ৪ মার্চ তার স্ত্রীর নামে বিদেশে সম্পদ থাকার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি চাপে ছিলেন। এমনকি স্থানীয় সরকার মন্ত্রীর দাশেরকান্দি প্ল্যান্ট পরিদর্শনের কর্মসূচিতেও তাকে অংশ নিতে নিষেধ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই আব্দুস সালাম পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতিমধ্যে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকা ওয়াসার এমডি পদে থাকা তাকসিম এ খান আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়লে আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই বিতর্কিত নিয়োগ ও দুর্নীতির ছায়া কাটিয়ে ওয়াসাকে নতুন গতি দিতেই মনিরুজ্জামানকে এই গুরুদায়িত্ব দেওয়া হলো।