নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই

0
নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।